ছবি- সংগৃহীত ভুটানের ঘরোয়া নারী লিগের আঙিনা আরও একবার মাতাতে প্রস্তুত বাংলাদেশের একঝাঁক নারী ফুটবলার। গত বছরের ধারাবাহিকতায় ২০২৬ মৌসুমেও দেশটিতে লাল-সবুজের প্রতিনিধিদের বড় একটি বহর দেখা যাবে। গতবার পনেরজন ফুটবলার অংশ নিলেও এবারও সেই সংখ্যাটা নেহাত কম নয়। এরই মধ্যে ভুটানের বিভিন্ন ক্লাব বাংলাদেশি খেলোয়াড়দের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির প্রক্রিয়া শুরু করেছে। অভিজ্ঞ ডিফেন্ডার মাসুরা পারভীন এবার দল বদল করেছেন । গত মৌসুমে ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে মাঠ মাতালেও এবারের মৌসুমে তিনি নাম লিখিয়েছেন পারো এফসিতে। বৃহস্পতিবার মাসুরা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। সাতক্ষীরা থেকে তিনি জানান, পারো এফসির সঙ্গে তার চুক্তি সম্পাদন হয়েছে। মাসুরার পাশাপাশি মনিকা চাকমারও একই ক্লাবে খেলার জোর সম্ভাবনা রয়েছে। যদিও মনিকা জানিয়েছে, এপ্রিলের শেষ দিকে লিগ শুরু হওয়ার কথা এবং প্রস্তাব পেলেও চূড়ান্ত হতে আরো সময় লাগবে। পারো এফসি গতবারের মতো এবারও বাংলাদেশি ফুটবলারদের ওপর ব্যাপকআশা রাখছে। দলটির রাডারে রয়েছেন বাংলাদেশের অন্তত ৯ জন ফুটবলার। সাবিনা খাতুন, মাৎসুশিমা সুমাইয়া এবং ঋতুপর্ণা চাকমাদের আবারও ক্লাবটি দলে ভেড়াতে চায় । গোলরক্ষক রূপনা চাকমা, ফরোয়ার্ড সাগরিকা ও সেন্টারব্যাক কোহাতি কিসকুও এই তালিকায় আছে। তবে পারিশ্রমিক নিয়ে বনিবনা না হওয়ায় ঋতুপর্ণার চুক্তির বিষয়টি এখনও ঝুলে আছে । প্রসঙ্গত, গত মৌসুমে ভুটানের চার ক্লাবে ভাগ হয়ে বাংলাদেশের মেয়েরা খেলছিল। রয়্যাল থিম্পু কলেজের হয়ে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছিলেন আফঈদা খন্দকার প্রান্তি ও স্বপ্না রানীরা। এ ছাড়া থিম্পু সিটির হয়ে মাঠ মাতান সানজিদা আক্তার ও মারিয়া মান্ডারা। এবারও বাংলাদেশের ফুটবলাররা বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।
Continue Reading