
আল জাজিরা
অস্ট্রেলিয়াকে ১–০ গোলে হারিয়ে নারী এশিয়ান কাপ ফুটবলের শিরোপা জিতেছে জাপান। এর মাধ্যমে চার আসরের মধ্যে তৃতীয়বারের মতো এশিয়ার সেরা হলো জাপান নারী দল।
শনিবার সিডনির স্টেডিয়াম অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে জাপানের হয়ে একমাত্র গোলটি করেন মাইকা হামানো। ম্যাচের ১৭ মিনিটে দূরপাল্লার দারুণ এক শটে গোল করে দলকে এগিয়ে দেন টটেনহ্যামের এই মিডফিল্ডার।
৭৪ হাজার ৩৫৭ দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে আক্রমণাত্মক ফুটবল খেলেছিল স্বাগতিক অস্ট্রেলিয়া। তবে বেশ কয়েকটি সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয় তারা।
প্রথমার্ধে গোল হজম করার পর ম্যাচে ফিরতে মরিয়া চেষ্টা চালায় অস্ট্রেলিয়া। দ্বিতীয়ার্ধে কয়েকটি ভালো সুযোগ তৈরি হলেও জাপানের শক্ত রক্ষণভাগ ভেদ করতে পারেনি তারা।
ম্যাচের শেষ দিকে অস্ট্রেলিয়া সমতায় ফেরার চেষ্টা চালালেও জাপানের রক্ষণভাগ দৃঢ়ভাবে প্রতিরোধ গড়ে তোলে। ফলে ১–০ গোলের জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে জাপান।
এর আগে ২০১৪ ও ২০১৮ সালেও অস্ট্রেলিয়াকে হারিয়েই এশিয়ান কাপ জিতেছিল জাপান।
উল্লেখ্য, এবারের নারী এশিয়ান কাপটি ছিল আগামী বছর ব্রাজিলে অনুষ্ঠিতব্য নারী বিশ্বকাপের বাছাইপর্বও। এ আসর থেকে জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, চীন, উত্তর কোরিয়া ও ফিলিপাইন বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।
What do you feel about this post?
Like
Love
Happy
Haha
Sad

